| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মালিকের খোঁজে থানায় ঘুরে বেড়াচ্ছে পোষা বানর ‘রাজা মিয়া’

  • আপডেট টাইম: 05-05-2026 ইং
  • 148983 বার পঠিত
মালিকের খোঁজে থানায় ঘুরে বেড়াচ্ছে পোষা বানর ‘রাজা মিয়া’

মেহেদী মাছুম, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর থানায় দেখা গেছে এক ব্যতিক্রমী ও আবেগঘন দৃশ্য। প্রায় ১৪ বছর ধরে এক ব্যক্তির সঙ্গে বেড়ে ওঠা একটি পোষা বানর থানার ভেতরে ঘুরে বেড়িয়ে তার মালিককে খুঁজতে দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপুরের আলোচিত অটোরিকশাচালক রাজীব হত্যা মামলায় অভিযুক্ত গিয়াস উদ্দিন গেসুকে গতকাল গ্রেফতার করে রায়পুর থানায় নিয়ে আসে পুলিশ। গ্রেফতারের সময় তার সঙ্গে থাকা পোষা বানর ‘রাজা মিয়া’কেও থানায় আনা হয়। পরে সেটিকে ছেড়ে দেওয়া হলেও বানরটি মালিককে ছেড়ে কোথাও যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বানরটি থানার ওসির কক্ষের আশপাশসহ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মালিককে খুঁজতে থাকে। কখনো করিডোরে বসে, কখনো দরজার সামনে অপেক্ষা করতে দেখা যায় তাকে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রাণীটির আচরণে স্পষ্ট ছিল অস্থিরতা ও তার পরিচিত মানুষের জন্য খোঁজার চেষ্টা।

এ ঘটনায় এলাকায় কৌতূহল ও আবেগের সৃষ্টি হয়েছে। অনেকেই সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে মন্তব্য করে বলছেন, প্রাণীদের নিঃস্বার্থ ভালোবাসা অনেক সময় মানুষের সম্পর্ককেও ছাপিয়ে যায়।

রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া বলেন, গিয়াস উদ্দিন গেসুর পোষা বানরটি বর্তমানে থানায় রয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সেটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

মেহেদী/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪