| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাতক্ষীরায় শুরু হলো মৌসুমের প্রথম আম সংগ্রহ ও বাজারজাতকরণ

  • আপডেট টাইম: 05-05-2026 ইং
  • 149174 বার পঠিত
সাতক্ষীরায় শুরু হলো মৌসুমের প্রথম আম সংগ্রহ ও বাজারজাতকরণ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় চলতি মৌসুমের আনুষ্ঠানিক আম সংগ্রহ শুরু হয়েছে। নির্ধারিত সময় মেনে গাছ থেকে আম পাড়া এবং গুণগত মান বজায় রেখে বাজারজাত নিশ্চিত করতে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মঙ্গলবার (৫ মে) আম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নে আমচাষি আবু সাইদের বাগানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) বিষ্ণুপদ পাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত। এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেনসহ স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয় জনপ্রতিনিধি ও বিপুলসংখ্যক আমচাষিও এতে অংশ নেন।

উদ্বোধনের পরপরই বাগানজুড়ে শুরু হয় আম পাড়ার ব্যস্ততা। চাষিদের কর্মচাঞ্চল্যে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

আমচাষি আবু সাইদ জানান, দীর্ঘ প্রতীক্ষার পর মৌসুমের শুরুতে আম সংগ্রহ শুরু হওয়ায় তিনি সন্তুষ্ট। এবার গাছে ফলন ভালো হয়েছে এবং নির্ধারিত সময় মেনে আম সংগ্রহ শুরু হওয়ায় ভালো দাম পাওয়ার আশা করছেন তিনি।

কৃষি বিভাগ জানিয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী আম সংগ্রহ শুরু হওয়ায় ফলের স্বাভাবিক পরিপক্বতা বজায় থাকবে, যা সাতক্ষীরার আমের গুণগত মান ও সুনাম ধরে রাখতে সহায়তা করবে। একই সঙ্গে অপরিপক্ব ও ক্ষতিকর রাসায়নিকযুক্ত আম বাজারজাত ঠেকাতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী মাঠপর্যায়ে কঠোর নজরদারি চালাচ্ছে।

জেলা প্রশাসনের ঘোষিত ‘আম ক্যালেন্ডার’ অনুযায়ী, ৫ মে থেকে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই ও গোলাপখাস জাতের আম সংগ্রহ শুরু হয়েছে। ১৫ মে থেকে হিমসাগর, ২৭ মে থেকে ল্যাংড়া এবং ৫ জুন থেকে আম্রপালি আম সংগ্রহ করা হবে।

নির্ধারিত সময়ের আগে আম পাড়া বা বিক্রি করলে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় ৪ হাজারের বেশি হেক্টর জমিতে ৫ হাজারেরও বেশি বাগানে প্রায় ১২ হাজার আমচাষি চাষাবাদ করছেন। এ বছর প্রায় ৭০ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, দেশীয় বাজারের পাশাপাশি সাতক্ষীরার আম ইউরোপসহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারেও রপ্তানি হচ্ছে। চলতি মৌসুমে প্রায় ১০০ মেট্রিক টন আম রপ্তানির লক্ষ্যমাত্রা রয়েছে।

মৌসুমের শুরুতেই বাজারে সাতক্ষীরার আম আসায় ক্রেতাদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রথম দিন হওয়ায় বাজারে এখনো ব্যাপারীদের উপস্থিতি কম। তবে আগামী দুই-এক দিনের মধ্যে বাজার আরও সক্রিয় হবে। বর্তমানে প্রতি মণ আম ১৮০০ থেকে ২২০০ টাকায় বিক্রি হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, নির্ধারিত সময় মেনে আম সংগ্রহ ও বাজারজাত নিশ্চিত করা গেলে কৃষক, ব্যবসায়ী এবং রপ্তানিকারক—সবাই লাভবান হবেন এবং সাতক্ষীরার আম আন্তর্জাতিক বাজারেও আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে।

মোমিন/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪