সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের বৈশখালী গ্রামের বাসিন্দা পল্লী পশু চিকিৎসক ডা. অনিমেষ পরামান্য রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তার পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে, যা এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি করেছে।
পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার (২ মে) সকালে প্রতিদিনের মতো চিকিৎসা সেবা দিতে বাড়ি থেকে বের হন ডা. অনিমেষ। কিন্তু দিন শেষে তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যদের মধ্যে উৎকণ্ঠা দেখা দেয়।
নিখোঁজ চিকিৎসকের ভাই প্রিয়নাথ পরামান্য জানান, শনিবার রাতেই অনিমেষের ব্যবহৃত মোবাইল ফোন থেকে একটি অজ্ঞাত নম্বর থেকে কল আসে। ফোনে থাকা ব্যক্তি অনিমেষের স্ত্রী সবিতা পরামান্যের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, নিখোঁজের ঘটনায় প্রিয়নাথ পরামান্য থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। মুক্তিপণ দাবির বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
তিনি আরও বলেন, পুলিশ ইতোমধ্যে বৈশখালী এলাকায় অনিমেষের বাড়ি পরিদর্শন করেছে এবং তাকে উদ্ধারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে। নিখোঁজ চিকিৎসককে দ্রুত উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে এবং দ্রুত তার সন্ধান ও নিরাপদ প্রত্যাবর্তন কামনা করছেন সবাই।
মোমিন/ হাফিজ/ আয়না নিউজ