লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে দাফনের প্রায় ১৪ মাস পর কৃষকদল নেতা শাহাদাত হোসেন পরাশের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। মামলার তদন্তের অংশ হিসেবে আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য তার মরদেহ উত্তোলন করা হয়।
রোববার (৩ মে) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মুহাম্মদ নাহিদ শেখ সুমনের উপস্থিতিতে পৌর শহরের তেরবেকি এলাকার পারিবারিক কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়। এ সময় লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার আরমান হোসেন উপস্থিত ছিলেন।
নিহত শাহাদাত হোসেন পরাশ জেলা কৃষকদলের সাবেক সহ-সভাপতি এবং লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পরাশ ২০২৫ সালের ৭ মার্চ চট্টগ্রামের জোরারগঞ্জ মোস্তানগর এলাকায় মারা যান। ময়নাতদন্ত ছাড়াই পরদিন তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পরে হত্যার অভিযোগ এনে তার স্ত্রী শেফালি বেগম শেপু ৯ এপ্রিল চট্টগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি মামলা করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন।
ময়নাতদন্তের জন্য মরদেহটি লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রক্রিয়া শেষে পুনরায় দাফন করা হবে।
অন্যদিকে, নিহতের স্ত্রী শেফালি বেগম অভিযোগ করে বলেন, তার স্বামী ওমান প্রবাসী ছিলেন এবং দেশে ফিরে ব্যবসার উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা নিয়ে চট্টগ্রাম গিয়েছিলেন। পথে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে টাকা আত্মসাৎ করা হয়েছে বলে তিনি দাবি করেন এবং ঘটনায় মোহন নামের একজনকে অভিযুক্ত করেছেন।
মেহেদী/ হাফিজ/ আয়না নিউজ