ডুবে যাওয়া ফসল কাটতে স্বামী জামালকে সহযোগিতা করতে গিয়ে নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরীতে খোকন বেগম (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রামের মসজিদের সামনের হাওরে স্বামীকে ধান কাটার কাজে সহযোগিতা করতে গৃহবধূ খোকন বেগম হাওরে নামলে অতিবৃষ্টি ও প্রবল বাতাসের কারণে ঠান্ডায় শারীরিকভাবে দুর্বল হয়ে জমির পাশে ঢলে পড়েন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
আরও পড়ুন-
স্বামী জামাল মিয়া জানান, হাওরে ১২০ শতাংশ জমির ধান কাটার জন্য কোন শ্রমিক না পাওয়ায় তিনি তার দুই ছেলেকে নিয়ে দুদিন ধরে ধান কাটছিলেন। অতিবৃষ্টির কারনে ধান দুবে যাওয়ার শঙ্কায় স্ত্রী কাজে সহযোগিতা করতে আসলে বৃষ্টি ও ঠাণ্ডার কারণে তিনি হঠাৎ দুর্বল হয়ে অজ্ঞান হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক' উল্লেখ করে উপজেলা কৃষি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম জানিয়েছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিধি মোতাবেক মৃতার পরিবারকে যথাযথ সরকারি আর্থিক সহায়তা প্রদান করা হবে।
এফ এ/আয়না