নাটোর প্রতিনিধি: নাটোরে উপজেলা ও পৌরসভা পর্যায়ে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর খেলোয়াড় বাছাই পর্বের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে দিনব্যাপী সদর উপজেলা হ্যালিপ্যাড মাঠ ও জেলা স্টেডিয়ামে এই কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক আরিফ হোসেন এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান।
১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণে উপজেলা প্রশাসনের আয়োজনে এই প্রতিযোগিতার সূচনা হয় ফুটবল, ক্রিকেট, কাবাডি, সাঁতার, ব্যাডমিন্টন ও লং জাম্প ইভেন্টের মাধ্যমে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা রাকিবুল হাসান এছামি এবং নাটোর পৌরসভার প্রতিনিধি জুলফিকুল আলী হায়দার বাবু। এ সময় জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ, বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, খেলোয়াড়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন বলেন, বর্তমান সরকারের উদ্যোগে তৃণমূল পর্যায় থেকে মেধাবী খেলোয়াড় খুঁজে বের করার লক্ষ্যে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” আয়োজন করা হয়েছে। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা ও নিয়মিত অনুশীলনের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে দক্ষ খেলোয়াড় তৈরি হবে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে।
সান্টু/ হাফিজ/ আয়না নিউজ