সাতক্ষীরা প্রতিনিধি: কেমিক্যাল ও কার্বাইড দিয়ে অপরিপক্ক আম পাকানোর অভিযোগে প্রায় ৯ হাজার কেজি আম জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) গভীর রাতে সাতক্ষীরা সদর থানা পুলিশ অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ আম আটক করে।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্নব দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দ করা আমগুলো কৃষি বিভাগ পরীক্ষা করে দেখে যে এগুলো কেমিক্যাল মিশিয়ে কৃত্রিমভাবে পাকানো এবং খাওয়ার অনুপযোগী। ফলে জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় আমগুলো ধ্বংসের সিদ্ধান্ত নেওয়া হয়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত প্রায় ২টার দিকে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় কালীগঞ্জ থেকে চট্টগ্রামগামী একটি ট্রাক তল্লাশি করে ৩৫১ ক্যারেট আম জব্দ করা হয়, যার মোট ওজন প্রায় ৯ হাজার কেজি।
পরে বুধবার দুপুরে সাতক্ষীরা শহরের বিনেরপোতা এলাকায় পৌরসভার ময়লার ভাগাড়ে নিয়ে জব্দ করা আমগুলো বিনষ্ট করা হয়।
প্রশাসন জানিয়েছে, ভেজাল ও ক্ষতিকর উপায়ে খাদ্য প্রস্তুত ও বাজারজাতকরণের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মোমিন/ হাফিজ/ আয়না নিউজ