নাটোর প্রতিনিধি: “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে নাটোর জেলা আইনজীবী সমিতির সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে আইনজীবী সমিতি প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মোঃ নাসিরুল হক। এছাড়া উপস্থিত ছিলেন নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলাম এবং নাটোর জেলা আইনজীবী সমিতির সভাপতি রুহুল আমিন তালুকদার টগরসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, “আইন সবার জন্য সমান”এই নীতিকে বাস্তবায়ন করতে সরকার বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করে যাচ্ছে। আর্থিক অসচ্ছলতার কারণে অনেক মানুষ আদালতে যেতে বা আইনজীবী নিয়োগ করতে পারেন না। তাদের জন্য সরকারি এই আইনগত সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বক্তারা আরও বলেন, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে লিগ্যাল এইড কমিটির মাধ্যমে সহজেই মানুষ এই সেবা পেতে পারে। সাধারণ মানুষের মধ্যে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং তাদের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব বলে তারা উল্লেখ করেন।
সান্টু/ হাফিজ/ অআয়না নিউজ