জামালপুরের মেলান্দহ উপজেলায় কালবৈশাখী ঝড়ে বসতবাড়ির ওপর গাছ পড়ে মা ও তার দুই মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) রাতে উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দাগী এলাকার মৃত গনি মন্ডলের স্ত্রী খুকি বেগম এবং তার দুই মেয়ে ফরিদা আক্তার ও ফতে আক্তার।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন মা ও দুই মেয়ে। এ সময় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে ঘরের পাশে থাকা একটি বড় গাছ উপড়ে গিয়ে তাদের বসতঘরের ওপর পড়ে। এতে তারা গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
ঘটনার সময় রাত হওয়ায় তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজ চালানো সম্ভব হয়নি। পরে সকালে স্থানীয় লোকজন তাদের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা জানান, ফায়ার সার্ভিসের মাধ্যমে তিনি ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন এবং দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করা হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হাফিজ/ আয়না নিউজ