| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ: মামলা দায়ের

  • আপডেট টাইম: 24-04-2026 ইং
  • 126 বার পঠিত
ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ: মামলা দায়ের

পাবনার ঈশ্বরদী সরকারি কলেজ ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, সংঘর্ষ ও হাতবোমা বিস্ফোরণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

শুক্রবার (২৪ এপ্রিল) ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি খালেদ বিন পার্থিব বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলাটি করেন। 

মামলায় উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সজীব হোসেন, কলেজ শাখার সভাপতি মাহমুদ হাসান, সেক্রেটারি আসাদুল ইসলামসহ মোট ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কলেজ চত্বরে দুই সংগঠনের পূর্বঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। পরে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয় পরিস্থিতি। এ সময় ক্যাম্পাসে একাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটে এবং কয়েকজন আহত হন। পাশাপাশি একটি দলীয় অফিসে ভাঙচুরের ঘটনাও ঘটে।


বাদী খালেদ বিন পার্থিব অভিযোগ করে বলেন, তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন। কিন্তু পরিকল্পিতভাবে হামলা চালিয়ে ছাত্রশিবিরের নেতাকর্মীরা তাদের ওপর আক্রমণ করে এবং অফিস ভাঙচুর করে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

অন্যদিকে, উপজেলা ছাত্রশিবির সভাপতি সজীব হাসান অভিযোগ অস্বীকার করে বলেন, ক্যাম্পাসের অস্থিতিশীল পরিস্থিতির জন্য একটি পক্ষ উস্কানিমূলক আচরণ করেছে। তাদের সংগঠন কোনো ধরনের সহিংসতায় বিশ্বাস করে না বলেও তিনি দাবি করেন। মামলাটিকে তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেন।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানিয়েছেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের অভিযান চলছে।

হাসান/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪