| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিক্ষিকার সঙ্গে বিএনপি নেতার হাতাহাতি: নেপথ্যে কী ঘটেছিল?

  • আপডেট টাইম: 24-04-2026 ইং
  • 196 বার পঠিত
শিক্ষিকার সঙ্গে বিএনপি নেতার হাতাহাতি: নেপথ্যে কী ঘটেছিল?

রাজশাহীর দুর্গাপুরে একটি সরকারি কলেজে নারী প্রদর্শক ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি-হট্টগোলের ঘটনা ঘটেছে। পরীক্ষা চলাকালে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয়দের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুর্গাপুরের দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পরীক্ষা চলাকালে কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি ছিল। এ অবস্থায় স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী কলেজে প্রবেশ করেন। অভিযোগ রয়েছে, বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে কলেজ মাঠ ব্যবহারের জন্য গাড়ি পার্কিংসহ বিভিন্ন খরচের কথা বলে অর্থ দাবি করেন তারা।

এ নিয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়, যা দ্রুত উত্তপ্ত পরিস্থিতিতে রূপ নেয়। এক পর্যায়ে অধ্যক্ষের কক্ষে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে বলে অভিযোগ ওঠে।


ঘটনার একপর্যায়ে নারী প্রদর্শক আলেয়া খাতুন হীরা ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় আলেয়া খাতুন মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে থাকেন এবং পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে হাতাহাতির ঘটনা ঘটে, যেখানে আকবর আলী স্যান্ডেল দিয়ে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষকও আহত হন।

পরবর্তীতে এই ঘটনার রেশ কলেজ ক্যাম্পাসের বাইরেও ছড়িয়ে পড়ে। কলেজ মাঠে স্থানীয় আরেক বিএনপি কর্মী শাহাদ আলীর সঙ্গেও আলেয়া খাতুনের সংঘর্ষের ঘটনা ঘটে, যার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

অভিযুক্ত শাহাদ আলী ঘটনার সত্যতা স্বীকার করে দাবি করেন, আলেয়া খাতুন প্রথমে তার ওপর হামলা করেন। অন্যদিকে, আলেয়া খাতুন বলেন, কলেজের অর্থ সংক্রান্ত বিষয়ে প্রতিবাদ করায় তাকে প্রকাশ্যে জুতা দিয়ে আঘাত করা হয়েছে এবং কয়েকজন শিক্ষকও মারধরের শিকার হয়েছেন।

আরও পড়ুন :

ওসির সামনেই শিক্ষিকাকে জুতাপেটা করলেন বিএনপি নেতা

আহত শিক্ষকদের অভিযোগ, স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৩০-৪০ জন নেতাকর্মী এ হামলায় অংশ নেন। অভিযুক্তদের মধ্যে একাধিক স্থানীয় নেতার নামও উল্লেখ করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে আকবর আলী বলেন, পূর্বের আর্থিক অনিয়মের হিসাব চাওয়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয় এবং শিক্ষকদের পক্ষ থেকেই প্রথমে হামলা করা হয়।

কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক জানান, দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন পক্ষ তার কাছে চাঁদা দাবি করে আসছিল। কোনো পক্ষকে প্রশ্রয় না দেওয়ায় তিনি হামলার শিকার হয়েছেন বলে দাবি করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ কলেজে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনার জেরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংশ্লিষ্ট এক বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪