বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নে অজ্ঞাত সশস্ত্র গোষ্ঠীর হাতে অপহৃত ৬ জন রাবার শ্রমিককে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর দ্রুত ও সমন্বিত অভিযানের ফলে তাদের নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া সম্ভব হয়েছে।
সেনা সূত্রে জানা যায়, অপহরণের পর থেকেই ২৩ এপ্রিল থেকে ২৪ এপ্রিল ভোর পর্যন্ত দুর্গম পাহাড়ি এলাকায় ব্যাপক অভিযান চালানো হয়। পরে গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অপহরণকারীরা সেনা উপস্থিতি টের পেয়ে শ্রমিকদের ফেলে পালিয়ে যায়। পরে সেনাসদস্যরা তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন।
অভিযানের সময় ম্যাংতাং ম্রো (৩০) নামে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে।
এর আগে ২২ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে টংকাবতী ইউনিয়নের একটি রাবার বাগান থেকে অজ্ঞাত সশস্ত্র গোষ্ঠী ৬ জন শ্রমিককে অপহরণ করে। পরদিন অপহরণকারীরা মোবাইল ফোনে বাগান মালিকের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে অপহৃতদের হত্যার হুমকি দেয়।
অপহরণের খবর পাওয়ার পরপরই সেনাবাহিনী উদ্ধার অভিযান শুরু করে এবং টানা চিরুনি অভিযানের মাধ্যমে চাপ সৃষ্টি করলে অপহরণকারীরা শ্রমিকদের ছেড়ে দিতে বাধ্য হয় বলে জানা যায়।
উদ্ধার হওয়া শ্রমিকরা হলেন, মো. ইসমাইল, মো. আরাফাত, মো. শফিক, মো. নুরুল আফসার, মো. কলিমুল্লা ও মো. রমিত। উদ্ধার শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনাকে স্থানীয়ভাবে সেনাবাহিনীর সফল অভিযান ও আইনশৃঙ্খলা রক্ষায় তাদের তৎপরতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
হাফিজ/ আয়না নিউজ