| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছেলের মোটরসাইকেল চালানোর জন্য তেলের লাইনে দাঁড়িয়ে মা

  • আপডেট টাইম: 24-04-2026 ইং
  • 326 বার পঠিত
ছেলের মোটরসাইকেল চালানোর জন্য তেলের লাইনে দাঁড়িয়ে মা

আব্দুল মোমিন, সাতক্ষীরা : সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরে জ্বালানি সংকট ও সড়কের দুরবস্থার কারণে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও জীবিকা চরমভাবে ব্যাহত হচ্ছে। গণপরিবহনের সীমিত সুযোগে বহু মানুষ এখন মোটরসাইকেলকেই প্রধান যাতায়াত ও আয়ের মাধ্যম হিসেবে ব্যবহার করছেন। তবে চলমান জ্বালানি সংকটে সেই জীবনযাত্রাও এখন হুমকির মুখে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এমনই এক মানবিক চিত্র দেখা গেছে শ্যামনগরের মুন্সীগঞ্জ ডেলমা ফিলিং স্টেশনে। বুধবার রাত থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন বিথীকা রানী বৈদ্য (৪৫), ছেলের মোটরসাইকেলে তেল সংগ্রহের আশায়। তার একমাত্র লক্ষ্য কয়েক লিটার পেট্রল, যা আবার সচল করবে ছেলে সাগর বৈদ্যের ভাড়ায় চালিত মোটরসাইকেল, যেটির ওপর নির্ভর করে চলে পাঁচ সদস্যের সংসার।

সাগর বৈদ্য দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু জ্বালানি সংকটের কারণে তার আয়ের পথ বন্ধ হয়ে গেলে বাধ্য হয়ে তিনি দিনমজুরের কাজ শুরু করেন। তীব্র গরমে মাঠে কাজ করতে গিয়ে তার কষ্ট দেখে মা বিথীকা রানী নিজেই ছেলের জীবিকা বাঁচাতে পাম্পের লাইনে দাঁড়ান।

বিথীকা রানী বলেন, আমার ছেলে মোটরসাইকেল চালিয়ে সংসার চালায়। তেল না পেয়ে সে এখন মাঠে কাজ করছে। এই রোদে তার অনেক কষ্ট হয়। তাই আমি দুই দিন ধরে লাইনে দাঁড়িয়ে আছি। যদি তেল পাই, তাহলে আবার সে কাজ শুরু করতে পারবে।

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি তেল বিতরণকে কেন্দ্র করে ডেলমা ফিলিং স্টেশনে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর টানা পাঁচ দিন জ্বালানি সরবরাহ বন্ধ ছিল। পরে উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী সীমিত পরিসরে তিনটি ইউনিয়নে তেল সরবরাহ শুরু হয়।

তবে সেই ব্যবস্থাতেও দুর্ভোগ কাটেনি। অভিযোগ রয়েছে, সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত অগ্রাধিকার ভিত্তিতে সরকারি ও বেসরকারি চাকরিজীবীরা তেল পাচ্ছেন। এরপর সাধারণ মানুষের জন্য সীমিত বরাদ্দ থাকলেও তা সবার জন্য যথেষ্ট নয়। অনেক ক্ষেত্রে নিয়ম ভেঙে রাজনৈতিক প্রভাবশালীরা তেল নিয়ে নিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।

মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য দেবাশীষ গায়েন বলেন, অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার কারণে সাময়িকভাবে তেল সরবরাহ বন্ধ ছিল। এখন প্রশাসন ও স্থানীয়দের সমন্বয়ে আবার সরবরাহ শুরু হয়েছে। সুষ্ঠু বণ্টন নিশ্চিত করা গেলে সবাই তেল পাবে।

স্থানীয় সমাজকর্মী শেখ কামরুজ্জামান বলেন, উপকূলীয় অঞ্চলে বহু মানুষ ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করেন। জ্বালানি সংকট তাদের জীবনে নতুন অর্থনৈতিক চাপ তৈরি করছে। নিয়মিত ও সুষ্ঠু জ্বালানি সরবরাহ নিশ্চিত করা গেলে শুধু তাদের পরিবার নয়, পুরো এলাকার জরুরি সেবাও সচল থাকবে।

বর্তমান পরিস্থিতিতে শ্যামনগরের সাধারণ মানুষের জীবনযাত্রা জ্বালানি সংকটের কারণে অনিশ্চয়তায় পড়েছে। বিশেষ করে নিম্নআয়ের মানুষের জীবিকা রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মোমিন/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪