প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে মধ্যপ্রাচ্যে যুদ্ধে বির্পযস্ত ইরানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে চিকিৎসা সহায়তা সামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমী জাহানাবাদীর কাছে এসব চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম বৃহস্পতিবার সকালে ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদির নিকট এ সহায়তা তুলে দেন। এ সময় বাংলাদেশ সরকারের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক) ড. মো. নজরুল ইসলাম এবং পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মো. হুমায়ুন কবীর উপস্থিতিতে মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রেক্ষাপটে ইরানের জনগণের প্রতি সংহতি প্রকাশ ও মানবিক সহায়তার অংশ হিসেবে জরুরি ওষুধ সামগ্রী হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন-
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৫
প্রধানমন্ত্রী তারেক রহমান গত ৬ এপ্রিল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে ইরানের আহত জনগণের চিকিৎসা সহায়তার লক্ষ্যে জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের জন্য এক কোটি টাকা অনুদান প্রদান করেন। ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি সহায়তা গ্রহণকালে বাংলাদেশ সরকারের এই মানবিক উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে এই দুঃসময়ে বাংলাদেশের সহমর্মিতার প্রশংসা করেন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির বলেন, রেড ক্রিসেন্ট বিশ্বের বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে কাজ করে। যুদ্ধকালীন পরিস্থিতিতে ইরানের জনগণের পাশে দাঁড়ানো তাদের মানবিক দায়িত্বের অংশ। সচিব (দ্বিপাক্ষিক) ড. নজরুল ইসলাম মধ্যপ্রাচ্যের সংঘাতে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করে বলেন, বাংলাদেশ সবসময় শান্তির পক্ষে। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এই সংকটের শান্তিপূর্ণ সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এফএ/ আয়না