চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ভুল সিলেবাসের ভিত্তিতে প্রশ্নপত্র দেয়ার অভিযোগে এস এস সির একটি কেন্দ্রের তিন শিক্ষককে পরীক্ষার সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (২২ এপ্রিল) শিবগঞ্জের কয়লারদিয়ার উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী তাহমিদুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করলে এ সিদ্ধান্ত নেয়া হয়।
মঙ্গলবার কানসাট সোলেমান মিয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অংশ নেওয়ার সময় তাদের ২০২৫ সালের পূর্ণ সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্র দেওয়া হয় বলে অভিযোগ পত্রে উল্লেখ করেন পরীক্ষার্থী। প্রশ্নপত্রে অসঙ্গতি বুঝতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে দায়িত্বরত শিক্ষকদের বিষয়টি অবগত করলেও সংশ্লিষ্ট শিক্ষকরা কোনো ব্যবস্থা না নিয়ে ওই প্রশ্নেই পরীক্ষা দিতে তাকে বাধ্য করে। পরীক্ষা শেষে বিষয়টি নিয়ে কথা বলতে গেলে তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয় এবং ওই বিদ্যালয়ের আরও তিন শিক্ষার্থী তমিজ উদ্দীন, তামিম ইকবাল ও নাইম হোসেনকেও আগের সিলেবাসের পরিবর্তে ভিন্ন সিলেবাসের প্রশ্নপত্রে পরীক্ষা দিতে বাধ্য করা হয়েছে বলে একই অভিযোগ করেছেন তারা।
আরও পড়ুন-
চারজন শিক্ষার্থীর ক্ষতিগ্রস্ত হওয়ার কথা উল্লেখ করে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের পুনর্মূল্যায়নের জন্য অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি ঘটনার সময় পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে থাকা তিন শিক্ষক বাগবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, কানসাট মাহেদুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাকসুদুর রহমান এবং দাইপুকুরিয়া ইউসি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমানকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।্ত
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, অভিযোগে চারজন শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের পুনর্মূল্যায়নের জন্য অনুরোধ জানানো হয়েছে।
এফএ/ আয়না