চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় স্যুয়ারেজ প্রকল্পের খননকাজ চলাকালে মাটি ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর ৪টার দিকে নগরীর আগ্রাবাদ অ্যাকসেস রোডে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের অংশ হিসেবে ওই এলাকায় মাটি খননের সময় হঠাৎ ধস নামে। এতে চার শ্রমিক মাটিচাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ জসীম উদ্দীন জানান, হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুই শ্রমিককে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন রাকিব ও তুষার। এর মধ্যে তুষারের বাড়ি দিনাজপুর জেলায় বলে জানা গেছে। আহত শ্রমিক সাগর ও এরশাদ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বলেন, আগ্রাবাদ অ্যাকসেস রোডে ট্রায়াল পিট খননের কাজ চলছিল। গভীর রাতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। প্রকল্পটির কাজ করছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিনো হাইড্রো। তাদের কাছে ঘটনার বিস্তারিত প্রতিবেদন চাওয়া হয়েছে।
তিনি আরও জানান, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম বলেন, চারজনকে হাসপাতালে আনা হলে দুইজনকে মৃত ঘোষণা করা হয় এবং বাকি দুইজন চিকিৎসাধীন রয়েছেন।
এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হাফিজ/ আয়না নিউজ