পিরোজপুরের মঠবাড়িয়ায় তুচ্ছ পারিবারিক কলহের জেরে মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে এসএসসি পরীক্ষার্থী বিথী আক্তারের (১৫) হাত হাতুড়ি দিয়ে আঘাত করে ভেঙে দিয়েছে আপন চাচাতো চাচা। বিথী আক্তারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের শাঁখারিকাঠি গ্রামের বিথী আক্তার মো. বাদল হাওলাদারের মেয়ে এবং তুষখালী তোফেল আকন মাধ্যমিক বিদ্যালয়ের এ বছরের এসএসসি পরীক্ষার্থী।
ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, বিথী আক্তারের বাবা বাদল হাওলাদারের সাথে তুচ্ছ পারিবারিক বিষয় নিয়ে চাচাতো চাচা নজরুল ইসলাম (৩৩) ও মো. রাহাত (১৮) এর সাথে হাতাহাতি্র এক পর্যায় বিথী এ বিষয়ে অভিযুক্তদের কাছে জানতে ভাইলে তারা ক্ষিপ্ত হয়। একপর্যায়ে নজরুল ইসলাম হাতুড়ি দিয়ে বিথীকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালালে হাতুড়ির উপর্যুপরি আঘাতে বিথীর ডান হাত ভেঙে যায়।
আরও পড়ুন-
বাস ভাড়া বাড়াতে অপেক্ষা সরকারি সিদ্ধান্তের
আহত বিথীকে উদ্ধার করে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি ও হাড়ের জখম গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
এ বিষয়ে মঠবাড়িয়া থানার ওসি তদন্ত শেখ হিলাল উদ্দিন বলেন, বিষয়টি তারা মৌখিকভাবে শুনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এফএ/ আয়না