| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজশাহী নার্সিং কলেজে অধ্যক্ষ নিয়োগের দাবিতে কমপ্লিট শাটডাউন

  • আপডেট টাইম: 21-04-2026 ইং
  • 346 বার পঠিত
রাজশাহী নার্সিং কলেজে অধ্যক্ষ নিয়োগের দাবিতে কমপ্লিট শাটডাউন

অধ্যক্ষ নিয়োগের এক দফা দাবিতে রাজশাহী নার্সিং কলেজে (আরএনসি) কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে তারা ক্লাস, পরীক্ষা ও ক্লিনিক্যাল প্র্যাকটিস বন্ধ করে প্রতিষ্ঠানটিতে তালা ঝুলিয়ে এই কর্মসূচি শুরু করেন।

এদিন শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানায় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের শিক্ষার্থীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’। সংগঠনটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ইকবাল মাহমুদ, সদস্য তানজিদ হাসান ও মেহেদি হাসানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত শনিবার থেকে অধ্যক্ষ নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা। সেদিন তারা ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। সোমবার ছিল সেই আল্টিমেটামের শেষ দিন। তবে বিকেল পর্যন্ত নার্সিং অধিদফতর থেকে অধ্যক্ষ নিয়োগের কোনো প্রজ্ঞাপন না আসায় কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা।

নতুন কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার থেকে ক্লাস, পরীক্ষা ও হাসপাতালের ক্লিনিক্যাল কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রেখে ‘কমপ্লিট শাটডাউন’ পালন করছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রায় তিন মাস ধরে কলেজে কোনো অধ্যক্ষ না থাকায় প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়েছে। দ্রুত অধ্যক্ষ নিয়োগ না দিলে শিক্ষার স্বাভাবিক পরিবেশ আরও ব্যাহত হবে বলে তারা আশঙ্কা করছেন।

তারা আরও জানান, সম্প্রতি দেশের আরও তিনটি নার্সিং কলেজে অধ্যক্ষ নিয়োগ দেওয়া হলেও রহস্যজনক কারণে রাজশাহী নার্সিং কলেজে এখনো পর্যন্ত কাউকে নিয়োগ দেওয়া হয়নি।

এদিকে একটি সূত্র জানায়, শিক্ষকদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও সংশ্লিষ্ট উচ্চপদস্থ একটি পক্ষের গাফিলতির কারণে এ জটিলতা তৈরি হয়েছে। পূর্বের অধ্যক্ষ মতিয়ারা বেগম অবসরে যাওয়ার সময় কাউকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব না দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পরবর্তীতে কয়েকজন সিনিয়র শিক্ষক অধ্যক্ষ পদে আগ্রহ প্রকাশ করে লবিং শুরু করলেও এখনো পর্যন্ত নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর (ডিজিএনএম) থেকে কোনো নিয়োগ বা পদায়ন করা হয়নি।

এ অবস্থায় দ্রুত অধ্যক্ষ নিয়োগের দাবিতে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪