খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়কে অবরোধ কর্মসূচি পালন করছে ইউপিডিএফ (প্রসীত খীসা) সমর্থিত সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরাম। এ সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ধর্মশিং চাকমাকে গুলি করে হত্যার প্রতিবাদে সংগঠনটির নেতা-কর্মীরা সড়কটিতে সকল প্রকার যান চলাচল বন্ধ করে দিয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৬টায় হত্যাকাণ্ডের ঘটনা ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে সংগঠনটির কর্মী-সমর্থকরা সড়কের বিভিন্ন স্থানে গাছ ও কাঠের টুকরা ফেলে এবং আগুন জ্বালিয়ে পিকেটিং শুরু করেন।
খাগড়াছড়ি-রাঙ্গামাটি প্রধান সড়কের পাশে কুদুকছড়ি বাজার এলাকায় উপরপাড়া গ্রামের নিজ বাসায় গণতান্ত্রিক যুব ফোরামের নেতা ধর্মশিং চাকমা (ধর্মমনি) একদল সশস্ত্র দুর্বৃত্তের গুলিতে নিহত হন। এছাড়া দুর্বৃত্তদের ছোড়া এলোপাতাড়ি গুলিতে ধর্মশিং চাকমার দুই বোন ভাগ্যসোনা চাকমা ও কৃপাসোনা চাকমা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। এ ঘটনায় পার্বত্য আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি (জেএসএস)-কে দায়ী করেছে ইউপিডিএফ সংগঠনটি।
আরও পড়ুন-
হোয়াইট হাউসে চুক্তিস্বাক্ষর হবে ইসরায়েল-লেবাননের
এ ঘটনার প্রতিবাদে গণতান্ত্রিক যুব ফোরাম ও তাদের সহযোগী সংগঠনগুলো রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে অবরোধের ডাক দিয়ে তারা কুদুকছড়ি এলাকাসহ ‘১৭ মাইল’ এলাকায় গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করছে। ফলে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
খাগড়াছড়ির মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মির্জা জহির জানান, কুদুকছড়িতে হত্যাকাণ্ডের জেরে সড়ক অবরোধের কারণে মহালছড়ি-রাঙ্গামাটি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন তিনি।
এফএ/ আয়না