লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে আলী হোসেন (৪৯) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
বুধবার (৮ এপ্রিল) ভোররাতে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। নিহত আলী হোসেন পাটগ্রামের ধবলগুড়ি এলাকার বাসিন্দা।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীন ধবলগুড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৮৭৪/৫-এস সংলগ্ন শূন্যরেখা থেকে প্রায় ৫০০ গজ ভারতের ভেতরে সাতগ্রাম বিএসএফ ক্যাম্পের এলাকায় রাত ২টা ৫০ মিনিট এবং ভোর ৪টা ৫০ মিনিটে পৃথকভাবে দুই দফা গুলির শব্দ শোনা যায়।
ঘটনার পর সকাল ৬টা ৩৫ মিনিটে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে মোবাইল ফোনে যোগাযোগ হয়।
বিএসএফের দাবি অনুযায়ী, ৭-৮ জন বাংলাদেশি নাগরিক কাঁটাতারের বেড়া কাটার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করলে তাদের লক্ষ্য করে প্রথমে সতর্কতামূলক গুলি ছোড়া হয়। একপর্যায়ে কথিত চোরাকারবারিদের সঙ্গে বিএসএফ সদস্যদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে বিএসএফ গুলি চালালে আলী হোসেন গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধ অবস্থায় বিএসএফ সদস্যরা তাকে নিজেদের হেফাজতে নিয়ে ভারতের একটি হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম ঘটনাটি নিশ্চিত করে জানান, বিষয়টি নিয়ে বিস্তারিত যাচাই-বাছাই চলছে। পাশাপাশি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে স্পট মিটিং আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
হাফিজ/ আয়না নিউজ