কক্সবাজারের টেকনাফ পৌরসভায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় কার্যালয়টির আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (৫ এপ্রিল) ভোররাতে টেকনাফ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জালিয়াপাড়া বার্মিজ মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। দলীয় কর্মকাণ্ড ব্যাহত করতে জামায়াত নেতার ছত্রছায়ায় থাকা স্থানীয় কয়েকজন চিহ্নিত মাদককারবারি ও পতিত স্বৈরাচারের দোসররা মিলে পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ স্থানীয় বিএনপি নেতাকর্মীদের।
ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে টেকনাফ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন,এলাকার কিছু অপরাধী কিছুদিন ধরেই হুমকি-ধমকি দিয়ে আসছিল। ধারণা করা হচ্ছে যারা হুমকি-ধমকি দিয়ে আসছিল কার্যালয়ে আগুন তারাই দিয়েছে। ইতিমধ্যে কিছু নাম তালিকাবদ্ধ করে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানিয়ে টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ন্যাক্কারজনক এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সহায়তায় এই ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে খুঁজে বের করা হবে।’
টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানিয়েছেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনাকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের বাড়তি নজরদারি রয়েছে বলেও জানান তিনি।