নীলফামারীর ডিমলা উপজেলায় হামের উপসর্গ নিয়ে মাত্র ১১ দিন বয়সী এক নবজাতকের মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রোববার (৫ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান।
নিহত শিশুটির নাম আফরিন জান্নাত। সে উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের খগারহাট এলাকার শিক্ষক আবু বকর সিদ্দিকের মেয়ে।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে হামের উপসর্গ নিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় নবজাতকটিকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে শিশুটির অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে শিশুটির মৃত্যু হয়।
ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান জানান, শিশুটি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিল। তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে পরীক্ষার জন্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে আমাদের নিশ্চিত করা হয়েছে।
এদিকে, এত অল্প বয়সী শিশুর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে এলাকায় হামের সম্ভাব্য সংক্রমণ নিয়ে জনমনে আতঙ্ক বাড়ছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রোগটির প্রকৃত কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও নিবিড় পর্যবেক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, হামের মতো সংক্রামক রোগ প্রতিরোধে শিশুদের নিয়মিত টিকাদান কার্যক্রম জোরদার করার পাশাপাশি অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এখন অত্যন্ত জরুরি।
সুভাষ/ হাফিজ/ আয়না নিউজ