জাকির হোসেন সৈকত, চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এক ব্যতিক্রমী ঘটনা স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্বামীর মুখের তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক স্ত্রী।
জানা যায়, উপজেলার রাগৈ সুদুর এলাকার বাসিন্দা ছেরাগ আলী (৮০)-এর বিরুদ্ধে তার স্ত্রী পারভীন বেগম (৫০) এই অভিযোগ করেন। শনিবার বিষয়টি নিশ্চিত করেন শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান।
অভিযোগে পারভীন বেগম উল্লেখ করেন, তার স্বামী দীর্ঘদিন ধরে পারিবারিক নানা বিষয় নিয়ে তাকে গালমন্দ ও শারীরিকভাবে নির্যাতন করে আসছেন। পাশাপাশি স্বামীর মুখে তীব্র দুর্গন্ধ থাকায় একই ঘরে বসবাস করা তার জন্য অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে। একাধিকবার স্বামীকে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার অনুরোধ জানালেও তিনি তা উপেক্ষা করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
স্থানীয়দের মতে, ঘটনাটি যেমন ব্যতিক্রমী, তেমনি এটি পারিবারিক সচেতনতা ও ব্যক্তিগত পরিচ্ছন্নতার গুরুত্বও তুলে ধরে।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে পারভীন বেগম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর উভয় পক্ষকে থানায় ডেকে আলোচনা করা হয়। যেহেতু তারা দু’জনই বয়স্ক, তাই পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিষয়টির সমাধান করা হয়েছে।