সিলেটের
সকল সিএনজি, এলপিজি ও পেট্রোল পাম্পে
ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করা হয়েছে। হঠাৎ
করে জ্বালানি সরবরাহ বন্ধের ঘোষণায় সৃষ্ট অনিশ্চয়তা কাটিয়ে আবারও স্বাভাবিক কার্যক্রমে ফিরছে পাম্পগুলো। বুধবার (১ এপ্রিল) দিবাগত
রাত ২টা ৩০ মিনিটে
বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ পেট্রোলিয়াম
ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াশাদ আজিম হক আদনান।
সংশ্লিষ্ট
কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে আপাতত ধর্মঘট স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া
হয়, তবে পাম্প মালিকদের
দাবি-দাওয়া পূরণ না হলে
ভবিষ্যতে আবারও কর্মসূচি দেওয়া হতে পারে বলেও
জানিয়েছেন তিনি। প্রশাসনের
পক্ষ থেকে জরিমানার নামে
চাঁদাবাজির অভিযোগ তুলে সিলেটের পাম্প
মালিকরা তেল ও গ্যাস
বিক্রি বন্ধের ঘোষণা দিলে সিলেটজুড়ে জ্বালানি
সংকটের আশঙ্কায় পরিবহন খাতে অচলাবস্থার শঙ্কা
তৈরি হয়।
পরিস্থিতি
নিয়ন্ত্রণে আনতে রাতেই প্রশাসন ও রাজনৈতিক নেতারা
উদ্যোগ নিয়ে রাত দেড়টায়
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ আহমদ চৌধুরী এবং
সিলেট মহানগর পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম পাম্প মালিকদের সংগঠনের নেতাদের সঙ্গে প্রায় এক ঘণ্টা জরুরি
বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয়
পক্ষের আলোচনার মাধ্যমে পরিস্থিতি সমাধানে ধর্মঘট সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়।