| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ডিএমপির অভিযান শুরু

  • আপডেট টাইম: 01-04-2026 ইং
  • 212326 বার পঠিত
ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ডিএমপির অভিযান শুরু

রাজধানীর বিভিন্ন এলাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (১ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হওয়া এই অভিযানে ট্রাফিক পুলিশসহ সংশ্লিষ্ট থানা-পুলিশ, পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) ফোর্স এবং সিটি করপোরেশনের কর্মীরা অংশ নিচ্ছেন।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কের পাশের রেস্তোরাঁ, যানবাহন মেরামতের গ্যারেজ, ওয়েল্ডিং ওয়ার্কশপ, পোশাক ও আসবাবের দোকানগুলো নিজস্ব সীমানার বাইরে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনা করছে। অনেক ক্ষেত্রে রেস্তোরাঁর চুলা, গ্রিল-কাবাব তৈরির যন্ত্র, ওয়ার্কশপের টায়ার ও যন্ত্রপাতি ফুটপাতে ফেলে রাখা হচ্ছে। এমনকি কিছু মোটরগাড়ির ওয়ার্কশপ সড়কের একটি লেন দখল করে গাড়ি মেরামত করছে।

এর ফলে পথচারীরা ফুটপাত ব্যবহার করতে না পেরে মূল সড়কে হাঁটতে বাধ্য হচ্ছেন, যা তাদের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। পাশাপাশি এসব কারণে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।

ডিএমপির পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম দিনে গুলশানের কাকলী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরবর্তী দিনগুলোতে গুলশান-১ ও গুলশান-২, মহাখালী কাঁচাবাজার, আমতলীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় উচ্ছেদ কার্যক্রম চলবে। অভিযান চলবে ১ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত।

উচ্ছেদ কাজে সহায়তার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের ট্রাক, রেকারসহ প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা এই কার্যক্রম পরিচালনা করছেন।

ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আনিছুর রহমান জানিয়েছেন, যেসব ব্যবসা প্রতিষ্ঠান বৈধ সীমার বাইরে গিয়ে ফুটপাত ও সড়ক দখল করে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।

এর আগে ২৩ মার্চ ডিএমপির পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি দিয়ে ব্যবসায়ীদের নিজ উদ্যোগে ফুটপাত থেকে অবৈধ মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দেশ অমান্য করায় এখন আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তবে উচ্ছেদ অভিযানের পাশাপাশি হকারদের পুনর্বাসনের বিষয়েও ইতিবাচক উদ্যোগের কথা জানিয়েছে ডিএমপি। শিগগিরই নির্ধারিত এলাকায় ‘হলিডে মার্কেট’ ও ‘নাইট মার্কেট’ চালুর পরিকল্পনা রয়েছে, যাতে হকাররা নির্দিষ্ট সময় ও স্থানে ব্যবসা করতে পারেন এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে ফুটপাত ব্যবহার করতে পারেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪