মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব সত্ত্বেও বাংলাদেশের জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে চট্টগ্রাম বন্দরে তেলবাহী জাহাজের আগমন চলছেই। এর ধারাবাহিকতায় মালয়েশিয়া থেকে ২৭ হাজার ৩০০ টন পরিশোধিত ডিজেল নিয়ে ‘পিভিটি সোলানা’ নামের একটি ট্যাংকার জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, মঙ্গলবার (৩১ মার্চ ) ভোররাত ৩টার দিকে পানামার পতাকাবাহী এই জাহাজটি বন্দরে পৌঁছেছে।
প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে লাইটারের মাধ্যমে জ্বালানি খালাস করা হবে। প্রয়োজনে জাহাজটিকে ডলফিন জেটিতে ভিড়িয়ে খালাস কার্যক্রম সম্পন্ন করা হবে।
বন্দর সূত্র জানিয়েছে, আগামী ৪ এপ্রিল প্রায় ৭০ হাজার টন এলএনজি নিয়ে আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়তে পারে।
গত এক মাসে চট্টগ্রাম বন্দরে মোট ৩৩টি জাহাজ জ্বালানি সরবরাহ করেছে। এর মধ্যে ১৫টি জাহাজ জ্বালানি তেল, ৮টি এলএনজি এবং ৯টি এলপিজি নিয়ে এসেছে। জ্বালানি বিভাগ জানায়, এই পদক্ষেপ দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।