সিলেট-আখাউড়া রেলপথে ট্রেনের ইঞ্জিন বিকলের কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর তিন ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। চলন্ত অবস্থায় ইঞ্জিন থেকে মবিল পড়ে আগুনের সূত্রপাত হলে দ্রুত ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। মুহূর্তেই ইঞ্জিনে আগুন ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার ফলে সিলেটগামী ও ঢাকাগামী ট্রেন চলাচল ব্যাহত হয় এবং কয়েকশ যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।
পরে সকাল ৯টার দিকে কালনী এক্সপ্রেসের একটি ইঞ্জিন এনে বিকল উপবন এক্সপ্রেস ট্রেনটিকে শমশেরনগর রেলস্টেশনে টেনে নেওয়া হয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ জানান, সিলেট থেকে একটি বিকল্প ইঞ্জিন এনে উপবন এক্সপ্রেসকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঢাকাগামী কালনী এক্সপ্রেস প্রায় এক ঘণ্টা বিলম্বিত হয়।
বর্তমানে শমশেরনগর রেলস্টেশনে উভয় ট্রেন অবস্থান করছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।