শেরপুর শহরের গোপালবাড়ী এলাকায় একটি ৫ তলা আবাসিক ভবনের নিচতলায় ২৫ হাজার লিটার ডিজেল অবৈধভাবে মজুদ করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত এক ব্যবসায়ীকে জরিমানা করেছে। একই সঙ্গে একদিনের মধ্যে তেল ও ট্যাংক সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
শেরপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান জানান, বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে মেসার্স শিমলা ট্রেডার্সের মালিক তাপস নন্দীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় জানা যায়, দীর্ঘদিন ধরে তাপস নন্দী ও শফিকুল ইসলাম হেলাল আবাসিক ভবনের নিচতলায় অবৈধভাবে তেল মজুদ করে ব্যবসা চালাচ্ছিলেন।
মাহমুদুল হাসান বলেন, নিয়ম না মেনে দাহ্য পদার্থ বিক্রির অপরাধে মেসার্স শিমলা ট্রেডার্সকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে ডিজেলগুলো আগামীকাল বিকেলের মধ্যে সরিয়ে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, যেহেতু এটি দাহ্য পদার্থ, তাই আবাসিক বিল্ডিংয়ে থাকা মানুষের নিরাপত্তার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তেল সরানোর সময় আমাদের নজরদারি থাকবে। পাশাপাশি তাদের অন্যান্য লাইসেন্সগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।