| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কবরস্থানের গাছ কাটা নিয়ে সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু, নারী আটক

  • আপডেট টাইম: 25-03-2026 ইং
  • 224547 বার পঠিত
কবরস্থানের গাছ কাটা নিয়ে সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু, নারী আটক

‎জাকির হোসেন সৈকত, চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের ফরিদগঞ্জে কবরস্থানের গাছ কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় আলী হায়দার (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক নারীকে আটক করেছে পুলিশ।

ঘটনা ঘটেছে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের গুপ্টি গ্রামে। নিহত আলী হায়দার ওই গ্রামের জমাদ্দার বাড়ির মৃত সিরাজুল হকের ছেলে। স্থানীয়রা জানায়, একই বাড়ির কবরস্থানের জমিতে থাকা গাছ কাটাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সোমবার (২৩ মার্চ) সকালে এই বিরোধের জেরে কলিম উদ্দিন ও ফয়েজ আহাম্মদদের সঙ্গে আলী হায়দারের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে মারামারি ঘটে।

স্থানীয় ইউপি সদস্য শহীদউল্যাহ গাজী জানিয়েছেন, মারামারিতে প্রতিপক্ষের লোকজন বাঁশের লাঠি দিয়ে আলী হায়দারকে এলোপাতাড়ি মারধর করে। গুরুতর আহত আলী হায়দারকে স্থানীয়রা হাজীগঞ্জ বাজারের একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানোর পরামর্শ দেওয়া হয়। পরিবার তাকে অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পথে মঙ্গলবার (২৪ মার্চ) রাতে তিনি মারা যান।

প্রত্যক্ষদর্শী লুৎফুর রহমান জানিয়েছেন, কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করেই মূলত বিরোধের সৃষ্টি হয়। নিহত আলী হায়দার দুই সন্তানের জনক।

ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ এমদাদুল হক জানান, ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। হাজেরা বেগম নামে এক গৃহবধূকে গ্রেফতার করে বুধবার (২৫ মার্চ) চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ নজরদারি জোরদার করেছে। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪