পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে প্রথম কর্মদিবস আজ। তাই নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষেরা প্রিয়জনদের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছেন। চাঁদপুর লঞ্চঘাটে স্বাভাবিক সময়ের চেয়ে অনেকটাই বেড়েছে যাত্রীর সংখ্যা। আগামী কয়েকদিন যাত্রীচাপ আরও বাড়ার আশঙ্কায় সতর্ক বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরের মধ্যে ঢাকার উদ্দেশে ৭টি ও নারায়ণগঞ্জগামী ৮টি লঞ্চ ছেড়ে গেছে। যাত্রীর চাপ সামলাতে স্পেশাল লঞ্চেরও ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।
চাঁদপুর বিআইডব্লিউটিএ এর উপপরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য বলেন, মঙ্গলবার থেকে যাত্রীচাপ বাড়লেও অনেকে স্বাধীনতা দিবসের ছুটি কাটিয়ে ফিরবে।এ কয়দিন যাত্রী আরও বাড়ার সম্ভাবনায় নৌ-পুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্টরা যাত্রীর চাপ সামলাতে সবসময় সতর্ক রয়েছেন।
তাড়াহুড়ো করে লঞ্চে উঠা ও অতিরিক্ত যাত্রী বহন না করা বিষয়গুলো কঠিনভাবে পর্যবেক্ষণ করার পাশাপাশি সবাই যাতে নিরাপদে গন্তব্যে লঞ্চযাত্রা করতে পারে সেদিকে সর্বোচ্চ নজরদারি রাখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।