ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার নবাগত পুলিশ সুপার (এসপি) শাহ মো. আবদুর রউফ।
এর আগে গত মঙ্গলবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল এবং এরপর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গোয়ালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনিয়মের অভিযোগে রহিম তালুকদার গোষ্ঠীর সমর্থক জিয়াউর রহমানকে সেনাবাহিনী আটক করে এবং ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ দিনের কারাদণ্ড দেন। ওই ঘটনার জন্য প্রতিপক্ষ কাসেম গোষ্ঠীর শিশু মিয়াকে সন্দেহ করে জিয়াউর রহমানের পক্ষের লোকজন। পরবর্তীতে শিশু মিয়াকে মারধর ও তার মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে, যা দুই পক্ষের বিরোধকে আরও তীব্র করে তোলে।
এরই জেরে মঙ্গলবার সকালে দুই পক্ষ টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে রহিম গোষ্ঠীর আক্তার মিয়া নিহত হন এবং উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জেলা পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।