খুলনায় নিখোঁজের ১২ ঘণ্টা পর ৪ বছরের জান্নাতুল মাওয়া নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) রাত ২টার দিকে নগরের হরিণটানা গেট সংলগ্ন খেজুরবাগান এলাকা থেকে শিশুটির দেহ উদ্ধার করা হয়। নিহত শিশু লবণচরা থানাধীন রায়পাড়া কালভার্ট এলাকার বাসিন্দা মো. শাহজালালের কন্যা।
শিশুর বাবা মো. শাহজালাল জানান, ঈদের দ্বিতীয় দিন বিকেলে পরিবারের সদস্যসহ তার শ্বশুরবাড়ি বিয়ের অনুষ্ঠানে যান। দুপুর দেড়টার দিকে শিশুটি তোতা মিয়ার কাছে আইসক্রিম খেতে যায়। পরে মায়ের সঙ্গে ফোনে কথা হওয়ার পর তোতা মিয়ার ফোন বন্ধ পাওয়া যায়।
পরিবারের প্রচেষ্টার পরও সন্ধান না পেয়ে রাতে থানায় সাধারণ ডায়েরি করা হয়। রাত ২টার দিকে তোতা মিয়া শিশুর বাবা শাহজালালের মোবাইলে ভয়েস রেকর্ড পাঠান, যাতে তিনি তিনজনের নামে মামলা এবং পাওনা টাকা দাবি করার কথাও জানান। এক প্রেরিত বার্তায় শিশুর মরদেহ কোথায় ফেলে রাখা হয়েছে তার তথ্য দেন।
পরে পুলিশ ও পরিবারের সদস্যরা হরিণটানা গেটের দক্ষিণে খেজুরবাগান এলাকার ঝোপের মধ্যে গলায় দড়ি বাঁধা অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত তোতা মিয়াকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পরিবারের তথ্য অনুযায়ী, তোতা মিয়ার গ্রামের বাড়ি বরিশালের ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার পুটিয়াখালী এলাকায়। তিনি জাহাজে চাকরি করতেন এবং অতীতে বিভিন্ন কারণে কারাভোগও করেছেন।