| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফুটপাত ও রাস্তা দখল মুক্ত করতে ডিএমপির আল্টিমেটাম

  • আপডেট টাইম: 23-03-2026 ইং
  • 225772 বার পঠিত
ফুটপাত ও রাস্তা দখল মুক্ত করতে ডিএমপির আল্টিমেটাম

রাজধানীতে ফুটপাত ও সড়ক দখল করে পরিচালিত অবৈধ স্থাপনা ও ব্যবসা কার্যক্রম উচ্ছেদে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সংস্থাটি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে দখল সরিয়ে না নিলে আগামী ১ এপ্রিল থেকে মোবাইল কোর্ট পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার ( ২৩ মার্চ ) ডিএমপি সদরদপ্তর থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগরীর বিভিন্ন এলাকায় অনেক ব্যবসা প্রতিষ্ঠান নিজেদের নির্ধারিত সীমানার বাইরে ফুটপাত ও সড়কের অংশ দখল করে কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে রয়েছে খাবারের রেস্টুরেন্ট, মোটরগাড়ি মেরামতের ওয়ার্কশপ, ওয়েল্ডিং কারখানা, পোশাক ও আসবাবপত্রের দোকানসহ নানা প্রতিষ্ঠান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনেক রেস্টুরেন্ট ফুটপাতের ওপর রান্নার সরঞ্জাম যেমন বার্নার, হাড়িপাতিল ও গ্রিল মেশিন বসিয়ে ব্যবসা চালাচ্ছে। একইভাবে মোটর ওয়ার্কশপগুলো টায়ার ও যন্ত্রপাতি ফুটপাত ও সড়কে রেখে কাজ করছে। কোথাও কোথাও গাড়ি মেরামতের জন্য সড়কের একটি লেন পর্যন্ত দখল করে নেওয়া হচ্ছে। এছাড়া বিভিন্ন দোকান ফুটপাতেই পণ্য প্রদর্শন করছে।

ডিএমপি জানায়, এসব কারণে পথচারীরা বাধ্য হয়ে সড়কে চলাচল করছেন, যা যানজট বাড়ানোর পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি করছে।

এ অবস্থায় সংশ্লিষ্ট সকল ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের জনস্বার্থে দ্রুত ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় ১ এপ্রিল থেকে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সামারি ট্রায়াল ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে কারাদণ্ড, অর্থদণ্ড এবং মালামাল বাজেয়াপ্তসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে পুলিশ প্রশাসন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪