নাটোরের সিংড়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ৮ জন আহত হয়েছেন। পুলিশের সামনেই চলা ঘণ্টাব্যাপী সংঘর্ষে ভাঙচুর করা হয়েছে একটি প্রাইভেটকার ও বাড়িঘর। রোববার (২২ মার্চ) সকাল ৯টায় উপজেলার ডাহিয়া ইউনিয়নের মাধা বাঁশবাড়িয়া গ্রামে এ সংঘর্ষ হয়।
পুলিশ ও এলাকাবাসীরা জানিয়েছেন, বাঁশবাড়িয়া গ্রামের সুজাউদ্দোলা সূর্য এবং সোলায়মান হোসেন লাবুর মধ্যে আধিপত্য নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে রোববার সকাল ৯টা থেকে উভয় পক্ষের সমর্থকরা পুলিশের সামনে দফায় দফায় সংঘর্ষে জড়ালে ৮ জন আহত হওয়ার পাশাপাশি একটি প্রাইভেটকার ও বাড়ি ভাঙচুর করা হয়। সংঘর্ষে আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সিংড়া থানার ওসি আ ব ম আব্দুন নূর সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বর্তমানে গ্রামটিতে উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।