রংপুরে ধর্মপ্রাণ মুসল্লিরা আনন্দ ও ভক্তিভরে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় রংপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন রংপুর কেরামতিয়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. বায়েজীদ হোসাইন।
ঈদের বিশেষ খুতবার পর দেশের মানুষের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। পাশাপাশি ফিলিস্তিন, ইরান, আফগানিস্তানসহ বিশ্বজুড়ে মুসলমানদের ওপর সব ধরনের নির্যাতন বন্ধ ও মুসলিম উম্মাহর কল্যাণে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
জেলার প্রধান এই জামাতে উপস্থিত ছিলেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডন, সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিশিষ্টজনরা।
এর আগে সকাল ৮টায় রংপুর পুলিশ লাইন্স মাঠে, কেরামতিয়া জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, সকাল ৯টায় শাপলা চত্বর আশরাফিয়া জামে মসজিদসহ নগরীর বিভিন্ন ঈদগাহ, মসজিদ ও মাদরাসা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
রংপুর নগরী ছাড়াও প্রধান জামাতের সময়ের সঙ্গে সংগতিতে গঙ্গাচড়া, বদরগঞ্জ, তারাগঞ্জ, সদর, পীরগাছা, কাউনিয়া, মিঠাপুকুর ও পীরগঞ্জ উপজেলায় ঈদগাহ ও মসজিদে জামাত অনুষ্ঠিত হয়।