দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয় প্রভাবমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে “আরেকটি অনিবার্য বিপ্লব”ের জন্য জাতিকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন ডা. শফিক। তিনি বলেন, এই লক্ষ্য অর্জনে রাজপথে আন্দোলনের মাধ্যমে জনমত গড়ে তোলা হবে।
শনিবার (২০ জুন) বিকেলে খুলনা সার্কিট হাউজ ময়দানে ১১ দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে ডা. শফিক অভিযোগ করেন, নির্বাচনে “কারচুপি ও অনিয়মের মাধ্যমে” তাদের রাজনৈতিক শক্তিকে ক্ষমতা থেকে বঞ্চিত করা হয়েছে। তিনি বলেন, দেশে যাতে কোনো ধরনের অস্থিতিশীলতা বা সংঘাত তৈরি না হয়, সে কারণে তারা ফলাফল মেনে নিয়েছেন। তবে দাবি আদায় না হলে সংসদের বাইরে রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে ফয়সালা করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। এতে আরও উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস মামুনুল হক এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসিরুদ্দীন পাটওয়ারীসহ অন্যান্যরা।
সমাবেশে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও নির্বাচনব্যবস্থা নিয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।