| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই শহীদ পরিবারের জন্য মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব

  • আপডেট টাইম: 11-06-2026 ইং
  • 163 বার পঠিত
জুলাই শহীদ পরিবারের জন্য মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত ‘জুলাই যোদ্ধাদের’ জন্য বিশেষ মাসিক ভাতা চালুর প্রস্তাব করেছে সরকার। নতুন প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ বিষয়ে বিস্তারিত ঘোষণা দেন অর্থমন্ত্রী।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও কল্যাণ নিশ্চিত করতে বিশেষ আর্থিক সহায়তা দেওয়া হবে।

প্রস্তাব অনুযায়ী, জুলাই অভ্যুত্থানে শহীদদের প্রত্যেক পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতা দেওয়া হবে। একইভাবে সবচেয়ে গুরুতর আহত বা ‘এ’ ক্যাটাগরির যোদ্ধারাও মাসিক ২০ হাজার টাকা করে পাবেন।

এছাড়া ‘বি’ ক্যাটাগরির আহত যোদ্ধাদের জন্য মাসিক ১৫ হাজার টাকা এবং ‘সি’ ক্যাটাগরির আহতদের জন্য মাসিক ১০ হাজার টাকা ভাতা নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে।

বাজেট নথি অনুযায়ী, গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের জন্য করছাড়ের পরিধিও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে তাদের করমুক্ত আয়ের সীমা সাধারণ নাগরিকদের তুলনায় বাড়িয়ে ৫ লাখ ২৫ হাজার টাকা নির্ধারণের কথা বলা হয়েছে।

এ বাজেটে ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ প্রতিপাদ্য তুলে ধরা হয়েছে। প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা, ফলে ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।

ঘাটতি পূরণে অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা এবং বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বাজেট বক্তৃতায় জানানো হয়, দেশের জিডিপির আকার ধরা হয়েছে ৬৮ লাখ ৩০ হাজার ২৪ কোটি টাকা। আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা এবং প্রবৃদ্ধি ৬.৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান-এর উপস্থিতিতে বাজেট উপস্থাপন করা হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পরবর্তীতে বাজেটে সম্মতি দেন।

আগামী ১ জুলাই থেকে নতুন অর্থবছর কার্যকর হবে বলে জানানো হয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪