| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাষ্ট্রীয় চুক্তি ইচ্ছামতো বাতিল করা সম্ভব নয়: বাণিজ্যমন্ত্রী

  • আপডেট টাইম: 05-05-2026 ইং
  • 148226 বার পঠিত
রাষ্ট্রীয় চুক্তি ইচ্ছামতো বাতিল করা সম্ভব নয়: বাণিজ্যমন্ত্রী

রাষ্ট্রের মধ্যে সম্পাদিত কোনো চুক্তি ব্যক্তিগত চুক্তির মতো নয় যে ইচ্ছা হলেই তা বাতিল করা যাবে বলে জানিয়েছেন, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এসব চুক্তি রাষ্ট্রীয় ধারাবাহিকতার অংশ হিসেবে পরিচালিত হয় এবং তা উভয় পক্ষের স্বার্থ বিবেচনায় গঠিত হয়। এতে একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। 

মঙ্গলবার (৫ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই। এসব চুক্তি পারস্পরিক স্বার্থে ‘উইন-উইন’ ভিত্তিতে গড়ে ওঠে এবং উভয় দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার এই চুক্তির সূচনাকারী নয়; বরং রাষ্ট্রীয় ধারাবাহিকতার অংশ হিসেবে এটি গ্রহণ করেছে। তাই এটিকে দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে সর্বোচ্চভাবে কাজে লাগানো হবে।

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশ ব্যাখ্যা চেয়েছে এবং প্রয়োজনীয় অবস্থানও তুলে ধরা হয়েছে। তার মতে, বিদ্যমান চুক্তির আওতায় এমন তদন্ত শুরু না হলে তা বেশি ইতিবাচক হতো।

বাংলাদেশের উৎপাদন ও রপ্তানি পরিস্থিতি তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের অধিকাংশ খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নেই। পাশাপাশি বাংলাদেশ মূলত আমদানিনির্ভর অর্থনীতি। তবে তৈরি পোশাক খাত আন্তর্জাতিক মানদণ্ড মেনে কঠোর কমপ্লায়েন্সের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, কোনো চুক্তির ধারা যদি দেশের স্বার্থের পরিপন্থি হয়, তবে সেটি সংশোধনের সুযোগ চুক্তির মধ্যেই থাকে। এটিকে তিনি ‘সেলফ কারেক্টিং এলিমেন্ট’ হিসেবে উল্লেখ করেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান এ সময় উপস্থিত ছিলেন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪