| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সশস্ত্র বাহিনীকে জনমুখী করতে ডিসিদের নির্দেশনা: প্রতিরক্ষা উপদেষ্টা

  • আপডেট টাইম: 05-05-2026 ইং
  • 148214 বার পঠিত
সশস্ত্র বাহিনীকে জনমুখী করতে ডিসিদের নির্দেশনা: প্রতিরক্ষা উপদেষ্টা

সশস্ত্র বাহিনীকে আরও জনমুখী করার বিষয়ে জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম। 

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের প্রথম অধিবেশনে তিনি এ তথ্য জানান।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম বলেন, জেলা প্রশাসকদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বাহিনীর প্রধানদের কর্মপদ্ধতি, পরিকল্পনা ও বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সরকারের দায়বদ্ধতার অংশ হিসেবে সশস্ত্র বাহিনীকে আরও জনমুখী বাহিনীতে রূপান্তর করতে জেলা প্রশাসকদের ভূমিকা কী হতে পারে, সে বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

শামসুল ইসলাম আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শনসহ বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে। জেলা প্রশাসকদের কী ধরনের ভূমিকা থাকা উচিত, তা নিয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।

তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে সশস্ত্র বাহিনীতে পেশাদারত্ব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আরও শক্তিশালী জনবল সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে নির্বাচনী প্রক্রিয়ায় সেনাবাহিনী, জেলা প্রশাসন ও সিভিল প্রশাসনের মধ্যে যে সমন্বয় ও সম্প্রীতি তৈরি হয়েছে, তা আরও কীভাবে জোরদার করা যায়, সে বিষয়েও আলোচনা হয়।

প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, পারস্পরিক আস্থা ও বিশ্বাস বৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও শক্তিশালীকরণে জেলা প্রশাসকদের করণীয় বিষয়গুলো নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। সব মিলিয়ে এটি একটি ফলপ্রসূ আলোচনা ছিল বলে তিনি মন্তব্য করেন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪