আগামী ১৬ মে প্রায় ২২ বছর পর বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর সফরে যাচ্ছেন। শনিবার (২ মে) বিকেলে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক জানান প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে জেলায় ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। এছাড়াও এ সফরকে সামনে রেখে সংসদ সদস্যসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা সম্ভাব্য বিভিন্ন ভেন্যু পরিদর্শন করেছেন। এরই মধ্যে প্রস্তুতি সভা, প্রচার কার্যক্রম এবং মাঠপর্যায়ের তৎপরতা জোরদার করা হয়েছে।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সফরকালে তারেক রহমান খাল খনন প্রকল্প, ফ্যামিলি কার্ড বিতরণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও চাঁদপুর মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন। এছাড়া তিনি সুধী সমাবেশ ও একটি বিশাল জনসভায় যোগ দেবেন।
আরও পড়ুন-
ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা
আয়োজকরা আশা করছেন চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত এ জনসভায় ৮ থেকে ১০ লাখ মানুষের সমাগম হতে পারে। শেখ ফরিদ আহমেদ মানিক প্রস্তুতির অংশ হিসেবে জেলার শীর্ষ নেতাদের নিয়ে ইতোমধ্যেই বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন।
এছাড়া জানা যায়, সর্বশেষ ২০০৪ সালে তারেক রহমান চাঁদপুর সফরে এসেছিলেন। তখন তিনি তৎকালীন প্রধানমন্ত্রীর সন্তান থাকলেও এবার তিনি নিজেই প্রধানমন্ত্রী হিসেবে যাচ্ছেন। এ সময় শেখ ফরিদ উদ্দিন মানিক বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে আমরা চাঁদপুরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।
এফ এ/আয়না