চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল রোববার (৩ মে)। সকাল সাড়ে ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত হবে। এবারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২ মে) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির এসব তথ্য জানান। এ সময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।
তিনি জানান, এবারের সম্মেলন ৩ থেকে ৬ মে পর্যন্ত চলবে। সম্মেলনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছ থেকে প্রাপ্ত মোট ১ হাজার ৭২৯টি প্রস্তাবের মধ্যে ৪৯৮টি প্রস্তাব কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আলোচনার প্রধান বিষয়সমূহ
সম্মেলনে যেসব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে তার মধ্যে রয়েছে—
ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম জোরদার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রম, স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন, তথ্যপ্রযুক্তি ও ই-গভর্ন্যান্স, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, অবকাঠামো উন্নয়ন এবং উন্নয়ন কার্যক্রমের বাস্তবায়ন পরিবীক্ষণ।
এছাড়া পর্যটন খাতের বিকাশ, নাগরিক সেবার মানোন্নয়ন এবং সরকারি নীতি ও কর্মসূচি বাস্তবায়ন আরও কার্যকর করার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
উচ্চ পর্যায়ের বৈঠক ও নির্দেশনা
সম্মেলন চলাকালে জেলা প্রশাসকরা রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার এবং প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং প্রয়োজনীয় নির্দেশনা গ্রহণ করবেন। পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনার এবং দুর্নীতি দমন কমিশনের সঙ্গেও কার্য-অধিবেশন অনুষ্ঠিত হবে।
মোট ৩৪টি অধিবেশন ও কার্য-অধিবেশন অনুষ্ঠিত হবে, যার মধ্যে ৩০টি কার্য-অধিবেশন। এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনা এবং বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাও অনুষ্ঠিত হবে।
সময়সূচি
সূচি অনুযায়ী ৩ মে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, ৪ মে জাতীয় সংসদ ভবনে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ এবং ৫ মে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির বলেন, মাঠ পর্যায়ের প্রশাসনিক চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করে বাস্তবসম্মত সমাধান ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করাই এ সম্মেলনের মূল লক্ষ্য।
সম্মেলন শেষ হবে আগামী ৬ মে (বুধবার)।
হাফিজ/ আয়না নিউজ