| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংরক্ষিত নারী আসনের ৫০ এমপির শপথ রোববার

  • আপডেট টাইম: 02-05-2026 ইং
  • 154926 বার পঠিত
সংরক্ষিত নারী আসনের ৫০ এমপির শপথ রোববার

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত ৫০ জন সংসদ সদস্য আগামীকাল রোববার (৩ মে) শপথ নিতে যাচ্ছেন। সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল-১-এ অবস্থিত শপথ কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

জানা গেছে, এবারের সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে ৩৬ জন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১৩ জন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে একজন সদস্য মনোনীত হয়েছেন। এনসিপির মনোনীত প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র প্রথমে বাতিল হলেও পরে তা বৈধ ঘোষণা করা হয়।

সংসদ সচিবালয় সূত্র জানায়, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ৫০ জনকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

বিএনপি থেকে শপথ নিতে যাওয়া সদস্যদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানুসহ আরও অনেকে। অন্যদিকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের মধ্যে আছেন নুরুন্নিসা সিদ্দিকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি প্রমুখ। এছাড়া জোটের মনোনীত প্রার্থীদের মধ্যে রয়েছেন ডা. মাহমুদা মিতু, তাসমিয়া প্রধান ও ইঞ্জিনিয়ার মাহবুবা করিম।

শপথ গ্রহণের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ পূর্ণতা পাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪