দেশের মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বর্তমান সরকারের কার্যক্রমকে “আড়াই মাস বয়সী শিশুর” সঙ্গে তুলনা করে ধৈর্য ধরার আহবান জানান।
শনিবার সিলেটের চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, “আড়াই মাস বয়সী একটি শিশু যেমন হাঁটতে পারে না, তেমনি বর্তমান সরকারের বয়সও মাত্র আড়াই মাস। তবে এর মধ্যেই আমরা জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি।”
তিনি জানান, নারীদের স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের সহায়তায় ‘কৃষক কার্ড’ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি দেশের তরুণ প্রজন্মের প্রতিভা বিকাশেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
খেলাধুলার উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর সময় চালু হওয়া ‘নতুন কুঁড়ি’ কর্মসূচির আদলে নতুন উদ্যোগ নেয়া হয়েছে। এর সম্প্রসারিত রূপ হিসেবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম চালু করা হচ্ছে, যার আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে সিলেট থেকেই।
তিনি আরও জানান, ইতোমধ্যে সারাদেশে প্রায় ১ লাখ ৩০ হাজার শিশু এই কর্মসূচিতে নিবন্ধন করেছে। প্রাথমিকভাবে সাত থেকে আটটি খেলা নির্ধারণ করা হয়েছে, যেখান থেকে ভবিষ্যতে আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্য রয়েছে।
তারেক রহমান আশা প্রকাশ করেন, ক্রিকেট ও নারী ফুটবলের মতো অন্যান্য খেলাতেও বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে আরও সাফল্য অর্জন করবে এবং নতুন প্রজন্ম দেশের জন্য গৌরব বয়ে আনবে।
হাফিজ/ আয়না নিউজ