ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবল সংকটসহ নানা সমস্যার কারণে স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে আসা রোগীরা কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসক সংকটের কারণে দীর্ঘদিন ধরে অপারেশন থিয়েটারের কার্যক্রম বন্ধ রয়েছে। এক্স-রে মেশিন থাকলেও তা নিয়মিত সচল থাকে না। পাশাপাশি প্যাথলজি পরীক্ষাও যথাযথভাবে সম্পন্ন হচ্ছে না। অভিযোগ রয়েছে, পদায়ন থাকা সত্ত্বেও কিছু চিকিৎসক নিয়মিত হাসপাতালে উপস্থিত হন না।
এতে করে রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দুর্লভপুর গ্রামের রোগী রহিম উদ্দিন বলেন, “সকাল থেকে হাসপাতালে বসে আছি, এখনো ডাক্তার দেখাতে পারিনি। গরিব মানুষ হিসেবে বারবার শহরে গিয়ে চিকিৎসা নেওয়া সম্ভব না।”
অন্যদিকে হরিশপুর গ্রামের সালমা খাতুন জানান, শিশুকে নিয়ে হাসপাতালে এসে চিকিৎসা না পেয়ে শেষ পর্যন্ত বেসরকারি ক্লিনিকে যেতে হয়েছে, যেখানে ব্যয় অনেক বেশি। তিনি আরও অভিযোগ করেন, এক্স-রে করার নির্দেশ দিলেও হাসপাতালে সুবিধা না থাকায় বাইরে থেকে করাতে হয়েছে।
এ বিষয়ে ঝিনাইদহের সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান বলেন, “যে তিনজন চিকিৎসক নিয়মিত উপস্থিত থাকেন না, তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা হাসপাতালের সেবার মান উন্নয়নে কাজ করছি।”
উল্লেখ্য, ২০০৫ সালে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হওয়া এই হাসপাতালে প্রায় আড়াই লাখ মানুষের চিকিৎসা সেবা দেওয়ার কথা। কিন্তু ১৬৭ জন অনুমোদিত জনবলের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন মাত্র ৯৯ জন। প্রতি মাসে প্রায় ১৩ হাজার রোগী এখানে সেবা নিতে আসেন, তবে নানা সংকটে সেবার মান নিয়ে রয়েছে ব্যাপক প্রশ্ন।
ইমন/ হাফিজ/ আয়না নিউজ