সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত পৃথক অভিযানে ভারতীয় ক্রিস্টাল মেথ (আইস), মোবাইল ফোনের যন্ত্রাংশ ও শাড়িসহ মোট ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।
৩৩ বিজিবি সূত্রে জানা যায়, বৈকারী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ৭/৫৬-এস সংলগ্ন সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৯৪ লক্ষ টাকা মূল্যের ভারতীয় ক্রিস্টাল মেথ আইস জব্দ করে। একই দিনে কালিয়ানী বিওপির আরেকটি দল সীমান্ত পিলার ৭/৬৫-এস সংলগ্ন কালিয়ানী নীলকুঠি এলাকায় অভিযান চালিয়ে আরও প্রায় ২ কোটি ২৬ লক্ষ টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করে।
অন্যদিকে, কাকডাঙ্গা বিওপির দুটি পৃথক টহল দল সীমান্ত পিলার ১৩/৩-এস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে কলারোয়া উপজেলার কেড়াগাছি ও গেড়াখালী এলাকা থেকে প্রায় ৩ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ ও শাড়ি জব্দ করে। একই বিওপির আরেকটি দল মাদরা বিওপির আওতাধীন উত্তর ভাদিয়ালী এলাকায় অভিযান চালিয়ে আরও প্রায় ৪ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করে।
৩৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর সাদমান সাকিব প্রেস বিজ্ঞপ্তিতে জানান, চোরাকারবারীরা শুল্ক ও কর ফাঁকি দিয়ে এসব পণ্য অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করছিল। তিনি বলেন, এ ধরনের চোরাচালান দেশের রাজস্ব ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি স্থানীয় শিল্পের বিকাশেও বাধা সৃষ্টি করে।
তিনি আরও জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়রা বিজিবির এ কার্যক্রমকে স্বাগত জানিয়ে অভিযান আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।
মোমিন/ হাফিজ/ আয়না নিউজ