থানায় আগত সেবা প্রত্যাশী সাধারণ মানুষ যেনো কোনও ধরনের হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রাজধানী ঢাকাসহ সারাদেশের থানাগুলোকে দালালচক্র নির্মূল করে স্বচ্ছ ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে হবে।
শনিবার (২ মে) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর আওতাধীন রমনা মডেল থানা পরিদর্শনকালে তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন।
পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী থানার বিভিন্ন কক্ষ, হাজতখানা এবং সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। এ সময় তিনি থানার ওসি, ডিউটি অফিসারসহ দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। পাশাপাশি তারা যে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন, সেগুলো মনোযোগ দিয়ে শোনেন তিনি।
তিনি পুলিশ সদস্যদের সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। সেবাগ্রহীতাদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি।
এদিকে, দায়িত্বে অবহেলা কিংবা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
হাফিজ/ আয়না নিউজ