| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চালু হলো ‘ই-ফায়ার লাইসেন্স’, ঘরে বসেই মিলবে সব সেবা

  • আপডেট টাইম: 01-05-2026 ইং
  • 156942 বার পঠিত
চালু হলো ‘ই-ফায়ার লাইসেন্স’, ঘরে বসেই মিলবে সব সেবা

জনসাধারণের ভোগান্তি কমানো এবং সেবা প্রদান প্রক্রিয়া আরও আধুনিক ও সহজ করার লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চালু করেছে ‘ই-ফায়ার লাইসেন্স’ ব্যবস্থা। নতুন এই ডিজিটাল সেবার মাধ্যমে এখন থেকে ঘরে বসেই অনলাইনে ফায়ার লাইসেন্স সংক্রান্ত সব ধরনের আবেদন, নবায়ন ও পুনর্মূল্যায়ন করা যাবে।

ফায়ার সার্ভিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দীর্ঘদিনের প্রচলিত ম্যানুয়াল পদ্ধতির অবসান ঘটিয়ে শুক্রবার (১ মে) থেকে সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় লাইসেন্স প্রদান কার্যক্রম শুরু হয়েছে। এর ফলে আবেদন গ্রহণ থেকে শুরু করে লাইসেন্স ইস্যু পর্যন্ত পুরো প্রক্রিয়াই অনলাইনে সম্পন্ন করা যাবে।

নতুন ব্যবস্থার ফলে পূর্বের ম্যানুয়াল আবেদন প্রক্রিয়া আজ থেকেই বন্ধ করা হয়েছে। এখন থেকে সেবাগ্রহীতারা সহজেই অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে নতুন লাইসেন্স গ্রহণ, নবায়ন এবং প্রয়োজনীয় আপডেট সম্পন্ন করতে পারবেন।

এর আগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মিরপুর-১০ এলাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইওসি ভবনের সম্মেলন কক্ষে এই সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

ই-ফায়ার লাইসেন্স বাস্তবায়ন টিমের প্রধান ও পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন এবং নতুন উদ্যোগ বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ডিজিটাল উদ্যোগকে স্বাগত জানান এবং একে সেবাখাতের গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন। উপস্থিত ছিলেন পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন, উপ-পরিচালক মিজানুর রহমান, এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪