আব্দুল মোমিন, সাতক্ষীরা প্রতিনিধি: মহান মে দিবস ও জাতীয় শ্রমিক দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সবুজ বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন সদ্য বিদায়ী জেলা প্রশাসক আফরোজা আখতার। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফরোজা আখতার। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন বিশ্বাস, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলামসহ জেলা শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
বক্তারা বলেন, মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ঐতিহাসিক দিন। ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকরা ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে আন্দোলন করে আত্মত্যাগ করেন। সেই আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ বিশ্বব্যাপী এ দিবসটি পালন করা হয়।
তারা আরও বলেন, বর্তমান সময়ে শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
আলোচনা সভা শেষে শ্রমজীবী মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন জেলা প্রশাসক আফরোজা আখতার।
মোমিন/ হাফিজ/ আয়না নিউজ