নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে অননুমোদিত কেমিক্যাল মিশ্রিত অপরিপক্ক আম বিক্রির দায়ে এক ফল ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে শহরের পাঁচমাথা মোড় ফল পট্টি এলাকায় এই অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাব্বির হোসাইন।
আদালত সূত্র জানায়, ফল পট্টির ‘মিতু ফল ভান্ডার’ নামক আড়তে কেমিক্যাল মিশ্রিত কাঁচা আম মজুদ ও বিক্রি করা হচ্ছিল। এছাড়া আম ক্রয়ের কোনো বৈধ রশিদ দেখাতে না পারায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। এসময় জব্দকৃত প্রায় ১২০ কেজি বিষাক্ত আম জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. শিহাব উদ্দীন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার এবং সৈয়দপুর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
সুভাষ/ হাফিজ/ আয়না নিউজ