রাজধানীর গুলশান এলাকায় মদ্যপ অবস্থায় জনদুর্ভোগ সৃষ্টি ও অশান্তি ছড়ানোর অভিযোগে ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে গুলশান-২ নম্বর এলাকার কিংফিশার ও মিডিয়া ক্লাব সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) দাউদ হোসেন।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা মদ্যপ অবস্থায় প্রকাশ্যে বিশৃঙ্খলা ও সাধারণ মানুষের বিরক্তির কারণ হয়ে দাঁড়ান। তাদের কারও কাছেই বৈধ মদ্যপানের লাইসেন্স ছিল না বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন রাজীব কুমার পাল, মো. আসিফ, তওসিফ বিন ইউসুফ, আরাফাত এনায়েত, সাইফুর রহমান, মো. মোরসালিন সরদার, মো. সিফাত, কাজী আরিফুর রহমান, জামাল উদ্দিন, সিজান, নূরে সোহেল তুরাগ, জাসেদুল হোসাইন সোহেল, আল আমিন শেখ, তানভীন আহমেদ, আজীম শেখ, শাকিল হোসেন, রনি মিয়া, রাকিবুল ইসলাম রুবেল ও মিনহাজ উদ্দিন।
ওসি দাউদ হোসেন বলেন, মদ্যপ অবস্থায় গণউপদ্রব সৃষ্টির অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
হাফিজ/ আয়না নিউজ